২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার রাত সোয়া ৮টায় এই বৈঠক শুরু হয় গুলশানে খালেদার কার্যালয়ে। তার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে দেশের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, চলমান আন্দোলনের কর্মসূচি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ জনদুর্ভোগ ও সরকারের 'নিপীড়ন নির্যাতন' বিষয়ে আলোচনা ও করণীয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। গত অক্টোবরে রোড মার্চ করার পর এটি স্থায়ী কমিটির প্রথম বৈঠক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৬ ঘ.