ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবি সামনে নিয়েই পূর্বঘোষিত ১১ দফার ভিত্তিতে মাসব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে।
১১ দফার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনে দুর্ভোগ, যুদ্ধাপরাধের বিচার, তেল-গ্যাসসহ বিভিন্ন বিষয় থাকলেও বিজয়ের মাস হওয়ায় যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ ডিসেম্বর কেন্দ্র ও সব জেলা শহরে আলোচনা সভা, ৪ ডিসেম্বর ঢাকায় মুক্তি পতাকার গণমিছিল, ৯ ডিসেম্বর সারা দেশের বিভিন্ন শহীদ মিনারে শপথ অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং ১৭-৩১ ডিসেম্বর যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জেলা সদরে বিক্ষোভ ও গণমিছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এএল/২০১৮ ঘ.
bdnews24