ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, মন্ত্রিসভার 'পুনর্মূল্যায়ন' নয়, বর্তমান সরকার পরিবর্তন ছাড়া দেশের 'সংকট' কাটবে না।
ক্ষমতাসীন দল, জোট ও মন্ত্রিপরিষদ 'পুনর্মূল্যায়নের' পক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যের পরদিন এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, "এখন ক্ষমতাসীন দলের নেতারাও বলছেন- এই মন্ত্রিসভা ও সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জনগণের কোনো সমস্যার সমাধান করতে পারেনি। মন্ত্রিসভা ও দলের নেতৃত্বের পূণর্মূল্যায়নের কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। এ সরকারকে না সরালে দেশের অবস্থার পরিবর্তন হবে না।"
রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপির এ নেতা।
এদিকে শনিবার সুরঞ্জিত বলেন, এখনো দুই বছর বাকি আছে। আত্মত্যাগী নেতা-কর্মী, দল-জোট এবং কেবিনেটের পুনর্মূল্যায়ন করতে হবে।
'ত্যাগী' নেতাকর্মীদের 'পুনর্মূল্যায়ন' ও মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে এর আগেও নিজের 'দুঃখ' প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। আগে তিনি দলের সভাপতিমণ্ডলিতে নীতি নির্ধারণী ভূমিকায় থাকলেও বিগত কাউন্সিলে তাকে রাখা হয় উপদেষ্টা পরিষদে।
ক্ষমতাসীন দলের দুই নেতা ওবায়দুল কাদের ও সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, "এখন সরকারি দলের নেতারাই বলতে শুরু করেছে- মন্ত্রিসভা পরিবর্তন করতে হবে, নেতৃত্ব পাল্টাতে হবে। নইলে ভবিষ্যতে জনরোষের সামনে দাঁড়ানো যাবে না।"
সুরঞ্জিত শনিবার বলেন, কিছু কিছু নেতার জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে।
সরকার তিন বছরে দ্রব্যমূল্য কমাতে পারেনি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "অথচ প্রধানমন্ত্রী বলছেন, দ্রবমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। জ্বালানি তেলের তৃতীয় দফায় দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্যে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।''
১১ নভেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেসের অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার।
অর্থনীতির 'সংকট' কাল চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, "কয়েকজন ব্যাংকারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা বলেছেন, ডিসেম্বরের পর ব্যাংকগুলো চলবে কি না অনিশ্চয়তার মধ্যে আছেন।''
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩১ ঘ.
bdnews24