ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি নিজামুল হক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্ব থেকে সরে না দাঁড়ালে তাকে সাক্ষী হিসেবে ডাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
নিজামুল হকের বিষয়ে আপত্তির শুনানিতে বুধবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী হিসেবে এ ঘোষণা দেন রাজ্জাক।
তার এ ঘোষণা ট্রাইব্যুনাল প্রধানের ওপর মানসিক চাপ সৃষ্টির প্রয়াস বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।
তিন সদস্যের ট্রাইব্যুনালের দুই সদস্য এ টি এম ফজলে কবির ও এ কে এম জহীর আহমেদ এ শুনানি নেন। সোমবার এ বিষয়ে আদেশের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতির আসন ছিলো ফাঁকা।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ হাইকোর্টের বিচারপতি নিজামুল হকের নেতৃত্ব্ে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল গঠন করে সরকার।
'৯০ এর দশকে জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণতদন্ত কমিশনের কাজে সম্পৃক্ত থাকায় নিজামুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর আবেদন করেন সাঈদী।
ট্রাইব্যুনাল প্রধান পদত্যাগ না করলে ন্যায়বিচার ব্যাহত হবে দাবি করে শুনানিতে রাজ্জাক বলেন, "ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে থাকার কোনো সাংবিধানিক, আইনি ও নৈতিক অধিকার নেই বিচারপতির (নিজামুল হক)।"
শুনানির এক পর্যায়ে রাজ্জাক বলেন, "বিচারপতি নিজামুল হক এ মামলা থেকে সরে না দাঁড়ালে আমরা তাকে সাক্ষী হিসেবে ডাকবো।"
তিনি বলেন, গণতদন্ত কমিশন সচিবালয়ের সদস্য হিসেবে নিজামুল হক সে সময় অনেকের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, যারা ট্রাইব্যুনালেও সাক্ষ্য দিয়েছেন।
সাঈদীর আইনজীবী তাজুল ইসলামের সরবরাহ করা একটি লিখিত বক্তব্যে রাজ্জাক বলেন, "তদন্ত কমিশন সচিবালয়ের সদস্য হিসেবে তিনি অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য সুপারিশ করেন। গণতদন্ত কমিশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কোনো অধিকার তার (নিজামুল হক) নেই।"
তবে রাজ্জাকের এ দাবি প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, "গণতদন্ত কমিশনের কোনো আইনি ভিত্তি নেই এবং এ ট্রাইব্যুনালের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। তাই ওই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা এ ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না।"
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের পদত্যাগ দাবির বিষয়ে তিনি বলেন, "কেবল বিচারকের ওপর মানসিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে।"
বিচারাধীন এ মামলার ব্যাপারে কমিশনের কোনো পক্ষপাত নেই, বলেন প্রসিকিউটর।
শুনানিতে অংশ নিতে এদিন প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল।
বিএনপি নেতা মওদুদ এবং খালেদা জিয়ার উপদেষ্টা মাহবুবও এ সময় নিজামুল হকের অপসারণ চেয়ে শুনানিতে বক্তব্য রাখেন।
মওদুদ বলেন, "আমি নিশ্চিত যে এ বিষয়টি বিচারকদের জন্যও বিব্রতকর। এখন ট্রাইব্যুনালের অবশিষ্ট দুই বিচারককেই তাদের চেয়ারম্যানের ভাগ্য নির্ধারণ করতে হবে।"
পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত এ ট্রাইব্যুনালে বাদি ও বিবাদি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আব্দুর রাজ্জাকের বক্তব্যের মধ্য দিয়ে সকালে শুনানি শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযোগ গঠন হয়।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল¬¬া।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/১৯১৫ ঘ.
bdnews24