পাবনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাই যথেষ্ট।
সরকার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার রাতে পাবনার আতাইকুলায় এক অনুষ্ঠানে বলেন, "বিরোধী দলকে মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা লাগবে না। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগই ওদের মোকাবেলার জন্য যথেষ্ট।"
আতাইকুলা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য টুকু। ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন খোকনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত আলী বিল¬ু, রবিউল করিম হিরু, কোরবান আলী বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24