ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী আব্দুল বাকি মিল্টন হত্যার মূল আসামি মো. আবুল কাশেমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকাল ১১টায় র্যাব-২ এর শেরেবাংলা নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাশেম দাবি করেন, ধানমন্ডির আবু জাফর মোল্লা নামে এক আইনজীবীর হয়ে তিনি আরো তিনজনকে নিয়ে মিল্টনকে ভয় দেখাতে গিয়েছিলেন। তখন তার পিস্তলের গুলিতেই খুন হন মিল্টন।
র্যাবের মেজর উপ পরিচালক সাইফুল করিম জানান, ভোর ৪টার দিকে আশুলিয়ার জিরোবোর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় কাশেমকে। এই হত্যা মামলায় এর আগে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত ৮ নভেম্বর রাতে রাজধানীর শেরেবাংলা নগরে নিজের কেবল নেটওয়ার্কের অফিসে খুন হন স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাকি মিল্টন। পরদিন সকালে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
ওইদিন নিহতের স্ত্রী লাবনী জেসমিন বাদী হয়ে 'অজ্ঞাত পরিচয়' সন্ত্রাসীদের আসামি করে একটি মামলা করেন। তিনি সেদিন সাংবাদিকদের বলেছিলেন, "মিল্টনের বন্ধুরাই তাকে হত্যা করেছে।"
এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন ও মন্টু কিসিঞ্জার নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে মামুন পুলিশকে জানান, আগারগাঁওয়ের একটি জমি নিয়ে কাশেম ও মিল্টনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিনও তাদের দুজনকে কথাকাটাকাটি করতে দেখেন তিনি।
মামুনের বক্তব্যের ভিত্তিতেই শনিবার সকালে কাশেমকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
সংবাদ সম্মেলনে কাশেম সাংবাদিকদের সামনে বলেন, আগারগাঁওয়ের ১ দশমিক ২১ একরের ওই জমির মালিকানা রয়েছে আইনজীবী আবু জাফর মোল্লা, মিল্টন ও কাশেমের নামে। জাফর নিজে পুরো জমির মালিক হতে চাইছিলেন। তিনিই গত মঙ্গলবার রাতে মিল্টনের কার্যালয়ে পাঠান তাদের।
কাশেম বলেন, "তার কথামতো মঙ্গলবার রাতে মিল্টনকে ভয় দেখানোর জন্য কেবল নেটওয়ার্কের অফিসে যাই। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে আমি ভয় দেখানোর জন্য পিস্তল বের করি। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে মিল্টনের মাথায় লাগে।"
"আমি তখন ওই ঘর থেকে বের আসি। এরপর আরো দুটি গুলির শব্দ শুনতে পাই", বলেন কাশেম।
তবে পরের গুলি কে করেছে, তা জানেন না বলে দাবি করেন তিনি।
কাশেম সংবাদ সম্মেলনে বলেন, "জমি নিয়ে আমার সঙ্গে মিল্টনের কোনো বিরোধ নেই, মিল্টন আমার বন্ধুই ছিলো। শুধু আইনজীবীর কথা মতো ভয় দেখাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।"
অভিযুক্ত আইনজীবীকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে র্যাব-২ এ অধিনায়ক এস এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাশেম ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১৬০০ ঘ.
bdnews24