২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খোকনকে ওই মামলায় জড়ানো হাস্যকর'

সরকার খায়রুল কবীর খোকনকে 'হাস্যকরভাবে' নরসিংদীর ডাকবাংলো ভাংচুর এবং ট্রেনে আগুন দেওয়ার মামলায় জড়িয়েছে উল্লেখ করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার খায়রুল কবীর খোকনকে 'হাস্যকরভাবে' নরসিংদীর ডাকবাংলো ভাংচুর এবং ট্রেনে আগুন দেওয়ার মামলায় জড়িয়েছে উল্লেখ করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার পর যে রাতে ডাকবাংলো ভাংচুর হয়, সে সময় খোকন ঢাকায়। আর তাকে গ্রেপ্তার করে যখন কারাগারে জেল সুপারের সামনে আনা হয়, তখন ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।" "এই দুটো মামলায় তাকে জড়ানো সস্পূর্ণ হাস্যকর," যোগ করেন ফখরুল। খোকনকে এই 'মিথ্যা মামলা'য় জড়ানোর প্রতিবাদে শনিবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে বলেও ভারপ্রাপ্ত মহাসচিব জানান। শুক্রবার স্বেচ্ছাসেবক দলও একই সময়ে বিক্ষোভ সমাবেশ করবে। গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে আহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়। নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাকে নরসিংদীর আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির জন্য বুধবার দিন রাখেন। লোকমানকে হত্যার পরপরই বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ১ নভেম্বর রাতে নরসিংদী ডাকবাংলো ও রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাংচুর করে। পরদিন বেলা ১১টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনে আগুন দেওয়া হয়। এদিকে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। এছাড়া ডাকবাংলো ভাংচুর ও ট্রেন পোড়ানোর ঘটনায় দুটি মামলা করে পুলিশ। নরসিংদীর বিচারিক হাকিমের আদালত বুধবার হত্যা মামলা থেকে খোকনকে অব্যাহতি দিলেও অন্য দুটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "এটা দিবালোকের মতো সত্য যে নরসিংদীর পৌর মেয়র হত্যার সঙ্গে সরকারের উচ্চ মহল প্রত্যক্ষভাবে জড়িত। সেখানকার ক্ষমতাসীন দল ও লোকমানের পরিবার ওই হত্যাকাণ্ডের জন্য মন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছে।" তিনি অভিযোগ করেন, সরকার 'রাজনৈতিক উদ্দেশ্যে' ডাকবাংলো ভাংচুর ও ট্রেনে আগুনের মামলায় খোকনকে জড়াচ্ছে। "সরকারের পায়ের নিচে মাটি নেই। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থনীতি রসাতলে গেছে। মানবাধিকার ভূলণ্ঠিত হচ্ছে পদে পদে। স¤প্রতি বিএনপির রোড মার্চে গণজোয়ার দেখে সরকার ভয় পেয়ে এখনে প্রতিহিংসার পথে নেমেছে।" খোকনসহ সব 'রাজনৈতিক বন্দির' মুক্তিও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "লোকমানের পরিবার ১৪ জনকে আসামি করে মামলায় দায়েরের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। কেবর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তারা বিএনপিকে এর সঙ্গে জড়িয়ে নির্যাতন চালাচ্ছে।" অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, খোরশেদ মিয়া, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচছাসেবক দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা সাংসদ শাম্মী আখতার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯০৯ ঘ.