২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকার থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে: নজরুল

কয়েকটি স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পরাজয় সরকারের জনবিচ্ছিন্নতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতা নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পরাজয় সরকারের জনবিচ্ছিন্নতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের ফলাফল তুলে ধরে তিনি শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে বলেন, "সর্বত্র সরকারি দলের প্রার্থীরা পরাজিত হচ্ছে। এ সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।" নারায়ণগঞ্জে বিএনপি ভোট বর্জন করলেও বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী। কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী জয়ী হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে সরকার হটাতে যে আন্দোলন চলছে, তা রোধ করার আর কারো শক্তি নেই। সামনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বিজয় সূচিত হবেই হবে।" ৭ নভেম্বর উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে নজরুল বলেন, "জিয়াউর রহমানই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু যুদ্ধের পর যে সরকার ক্ষমতায় বসেছিলো, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলো।" রাষ্ট্রপতি থাকাকালে জিয়ার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, "জিয়ার উৎপাদন ও উন্নয়নের রাজনীতি আজ বন্ধ হয়ে গেছে। সরকারের ভুল নীতির কারণে সারাদেশে ২০০০ হাজার গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বহু শিল্প-কারখানায় শ্রমিক ছাঁটাই ও কর্মচ্যুতি হচ্ছে।" নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারেরও নিন্দা জানান নজরুল। তিনি বলেন, "বিনা দোষে খোকনকে আটক রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডে কারা জড়িত, তা আজ পরিষ্কার হয়ে গেছে। তার পরিবারই মামলা করেছে।" আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৩৩ ঘ.