২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা না করায় ইসিও দোষী: বিএনপি

নারায়ণঞ্জে সেনা মোতায়েনের বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা না করে নির্বাচন কমিশনও (ইসি) সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জে সেনা মোতায়েনের বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা না করে নির্বাচন কমিশনও (ইসি) সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "এ জন্য একদিন উভয়কেই জবাবদিহি করতে হবে।" ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২৮ অক্টোবর সকাল থেকে নির্বাচনী এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের নির্দেশনা দেয়। কিন্তু তা না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে কমিশন ও সরকার। প্রধান বিরোধী দল বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটের ৭ ঘণ্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এটিএম শামসুল হুদা ওইদিন হতাশা প্রকাশ করে বলেন, কমিশনের নিদের্শনা মানার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সরকার তা করেনি। অবশ্য প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দাবি করেন, সেনা মোতায়েন না হওয়ায় "সংবিধানের ব্যত্যয় ঘটেনি।" প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, "তার (প্রধানমন্ত্রী) এই বক্তব্য সঠিক নয়। তার দলের সিনিয়র অনেক নেতাও বলেছেন, নির্বাচন কমিশন সেনাবাহিনী চাওয়ার পর সেনা মোতায়েন করা সরকারের জন্য বাধ্যতামূলক। সংবিধান বিশেষজ্ঞরাও একই কথা বলেছেন।" "প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা কোনো সভ্য জগতের ভাষা নয়," যোগ করেন তিনি। সংবিধানের ধারা তুলে করে সাবেক এই আমলা বলেন, "নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে সরকার সংবিধানের ১২০ ও ১২৬ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একইভাবে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা না করে নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘন করেছে। এজন্য উভয়কেই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে উদ্দেশ্য করে এম কে আনোয়ার বলেন, "নারায়ণগঞ্জে একদলীয় নির্বাচন হয়েছে। আপনাদের পায়ের তলায় মাটি নেই- তা স্পষ্ট হয়েছে।" বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের 'আজ্ঞাবহ' আখ্যায়িত করে তিনি বলেন, এই কমিশন স্বাধীন হলে কমিশনাররা পদত্যাগ করতেন, অথবা হাইকোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করতেন। স্বাধীনতা ফোরামের উদ্যোগে 'জাতীয় সংসদে জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ' শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রুহুল কুদ্সু তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪৭ ঘ.