২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

নিহত ভাষাণ প্রামাণিক এক আওয়ামী লীগ কর্মীকে হত্যার মামলা থেকে কয়েকদিন আগে খালাস পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নাটোর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার একটি গ্রামে স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে জবাই করেছে দুর্বৃত্তরা। লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ভাষাণ প্রামাণিক (৪৮) এক আওয়ামী লীগ কর্মীকে হত্যার মামলা থেকে কয়েকদিন আগে খালাস পান। তিনি লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দিলালপুর গ্রামে নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তদের হাতে নিহত হন ভাষাণ। ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ভাষাণকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর জবাই করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। "খবর পেয়ে লালপুর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে। শুক্রবার সকালে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়।" এই পুলিশ কর্মকর্তা জানান, দিলালপুর গ্রামে এর আগেও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। ২০০৪ সালে ঈদের নামাজের মাঠে আবু বক্কর নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলা থেকে কিছুদিন আগে খালাস পান ভাষাণ। তার স্ত্রী হাওয়া বেগম শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, "আমার স্বামীকে বক্কর হত্যা মামলায় জড়িত করা হয়েছিলো। আমার ধারণা, ওই মামলার বাদীপক্ষের লোকজনই আমার স্বামীকে হত্যা করেছে।" লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ভাষাণ প্রামাণিক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষরাই তাকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ভাষাণ প্রামাণিকের পরিবারের সদস্যরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২২০ ঘ.