২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি জেলহত্যার বিচারে বাধা দিয়েছিল'

বিগত বিএনপি সরকারের সময়ে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ম আদালতকে প্রভাবিত করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি সরকারের সময়ে জেলহত্যার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ম আদালতকে প্রভাবিত করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। জাতীয় চার নেতা হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচার করতে ৩৫ বছর সময় লেগেছে। তারপরও বিচার শেষ করতে পেরেছি। আশা করি, জেলহত্যার বিচারও আমরা করতে পারবো।" জাতীয় চার নেতা হত্যা মামলায় নিজে প্রসিকিউটর ছিলেন জানিয়ে কামরুল বলেন, "২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এ মামলার বিচার বাধাগ্রস্ত করতে নিম্ম আদালতকে প্রভাবিত করেছিলো। এক পর্যায়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মোশারফ হোসেন কাজলসহ আমি প্রসিকিউটরের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হই।" জেলহত্যার বিচার ফের শুরুর আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিচারের দাবিতে আবারো উচ্চ আদালতে আবেদন করেছেন। এ ব্যাপারে উচ্চ আদালতের আদেশ পেলেই এ হত্যাকাণ্ডের বিচার ফের শুরু হবে।" ১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। ১৯৭৫ সালের ৩ নভেম্বরের ওই হত্যাকাণ্ডের পরদিন পুলিশের তখনকার ডিআইজি আবদুল আওয়াল মোসলেমউদ্দিনসহ এ ঘটনায় একটি মামলা করেন। দীর্ঘ ২৩ বছর মামলাটি কার্যত হিমাগারে থাকার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আসামি মোসলেমউদ্দিন ও লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ৬ বছর মামলার বিচার চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে পলাতক তিন আসামির ফাঁসি, কর্নেল ফারুক, শাহরিয়ার রশিদ ও বজলুল হুদাসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, কেএম ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, তাহের উদ্দিন ঠাকুর ও অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানকে খালাস দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ অগাস্ট হাইকোর্ট রিসালদার মোসলেহউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি দফাদার মারফত আলী শাহ এবং দফাদার আবুল হোসেন মৃধাকে খালাস দেয়। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বরখাস্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অব্যাহতিপ্রাপ্ত মেজর মো. বজলুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মদকে খালাস দেয় হাইকোর্ট। অন্য পলাতক আসামিরা আপিল না করায় হাইকোর্ট তাদের সাজা বহাল রাখে। বর্তমানে মামলাটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রয়েছে। কামরুল বলেন, "১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিলো, সেই অপশক্তিই আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে।" জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজনে 'জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতা' শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৩৫০ ঘ.