ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখোশধারীদের গুলিতে লোকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত লোকমান হোসেনের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
নরসিংদীর সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদানের অনুরোধও জানান শেখ হাসিনা।
একইসঙ্গে জনজীবনকে স্বাভাবিক রাখতে ওই অঞ্চলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে।
বুধবার সকালে ট্রেন চলাচল আবার শুরু হলেও বিক্ষুব্ধরা এগারোসিন্দুর এক্সপ্রেসের কয়েকটি বগিতে আগুন দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ আবার বন্ধ হয়ে যায়।
লোকমান হোসেন বাংলাদেশ টেক্সটাইল মিলস ঔনার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ মেয়র এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
এক কন্যা ও এক পুত্রের জনক লোকমান শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুইবার স্বর্ণপদক লাভ করেন।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে হত্যার প্রতিবাদে রাতেই ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। নরসিংদী শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়।
দলটির উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "লোকমান হোসেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় জনগণনন্দিত মেয়র ছিলেন। তার মৃত্যুতে নরসিংদীর সর্বস্তরের জনগণ তাদের এক অকৃত্রিম বন্ধুকে হারালো।"
"লোকমান হোসেন ছাত্রজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে হাতেখড়ি নেন," উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন উদীয়মান, সৎ, দক্ষ, নিষ্ঠাবান দেশপ্রেমিক সংগঠককে হারালো।"
শেখ হাসিনা নরসিংদীর সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান।
একইসঙ্গে জনজীবনকে স্বাভাবিক রাখতে স্ব-স্ব ক্ষেত্র থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আরেক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও লোকমান হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১০ ঘ.
bdnews24