২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা নিয়ে নিজেই হজে জাপা নেতা

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ওলামা পার্টির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন এক দল হজ গমনেচ্ছু। এ নিয়ে মতিঝিল থানায় অভিযোগও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বরগুনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ওলামা পার্টির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন এক দল হজ গমনেচ্ছু। এ নিয়ে মতিঝিল থানায় অভিযোগও করা হয়েছে। হজ গমনেচ্ছুদের অভিযোগ, ওই নেতা প্রতারণা করে টাকা নিয়ে স্ত্রীসহ হজ করতে সৌদি আরব চলে গেছেন। অথচ হজে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া বরগুনার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলার ৩৫ জন পড়ে আছেন হজ ক্যাম্পে। তারা ওই নেতার কাছে ৫০ লাখ ৯৭ হাজার টাকা জমা দিয়েছিলেন। অভিযুক্ত ওই নেতা হলেন জাতীয় ওলামা পার্টির সদস্য মাওলানা কে এম হাসান, যিনি নিজেকে কেন্দ্রীয় মহাসচিব হিসেবে পরিচয় দিতেন। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসান জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। হজ গমনেচ্ছুদের সঙ্গে প্রতারণার বিষয়টি আমরাও শুনেছি।" প্রতারণার শিকার পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান জানান, ২১ অক্টোবর মাওলানা হাসান তাদের নিয়ে ঢাকায় আসেন এবং হজ ক্যাম্পে উঠেন। "বিকেলের দিকে হাসান যাত্রীদের জানান, ফ্লাইটের টিকেটে সমস্যা হচ্ছে। তার ও স্ত্রীর ফ্লাইট যেহেতু ওইদিন বিকালেই তাই তারা চলে যাচ্ছেন। হজ থেকে ফিরে এসে বিষয়টি নিয়ে কথা বলবেন।" মজিবুর জানান, তখনই যাত্রীরা জানতে পারেন তারা হজে যেতে পারছেন না। ক্যাম্পের ভিতরে বিষয়টি নিয়ে হাসানের সঙ্গে তর্কাতর্কি হয়। হাসান তখন কয়েকজনকে অগ্রিম চেক দিয়ে যান এবং সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে বলেন। কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানান মজিবুর। প্রতারিত আরেক হজ গমনেচ্ছু অধ্যাপক আবুল কালাম বলেন, "বিষয়টি নিয়ে আমরা নানা জায়গায় কথা বলেছি। কিন্তু কোথাও থেকে কোনো সহযোগিতা পাইনি। পরে ৩০ অক্টোবর মতিঝিল থানায় হাসানসহ জাতীয় পার্টির বরগুনা জেলার পাঁচ নেতার নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।" একই অভিযোগ করেছেন প্রতারণার শিকার আবদুল হাকিম, রফিকুল ইসলাম, শিহাব উদ্দিন। তারা জানান, মাওলানা হাসান বরগুনা-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জাতীয় পার্টির নেতাদের নিয়ে প্রচারণাও চালাচ্ছেন। তার বাড়ি ভোলা জেলায়। তবে বামনায় তার মামার বাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬১৬ ঘ.