২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টার প্যারোলে মায়ের জানাজায় সাঈদী

সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাময়িক মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার পর একটি মাইক্রোবাসে করে সাঈদীকে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা গুলনাহার ইউসুফের জানাজা শেষে পৌনে ৬টায় আবার কারাগারে ফেরেন এই জামায়াত নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলনাহার ইউসুফের মৃত্যুর পর রাতেই সাইদীর সাময়িক মুক্তি (প্যারোল) চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন এই জামায়াত নেতার ছেলে মাসুদ সাঈদী। শুক্রবার সরকারের তরফ থেকে সাঈদীকে মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে সাঈদীর প্যারোলে মুক্তির কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মনোয়ার হোসেন আখন্দ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, "হাজতি আসমি দেলাওয়ার হোসাইন সাঈদীর মাতার মৃত্যুতে ২৮/১০/১১ বিকাল সাড়ে ৪টার দিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে প্যারোলে মুক্তি দেওয়া হলো।" দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ জানান, গুলনাহারের শেষ ইচ্ছা ছিল, তার বড় ছেলে সাঈদীই তার জানাজায় ইমামতি করুক। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদী কেন্দ্রীয় কারাগার থেকে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছান পৌনে ৫টার দিকে। সেখানে তার ইমামতিতে আসরের নামাজ আদায় করেন কয়েক হাজার মানুষ। আসরের নামাজের পরপরই জানাজা হয় গুলনাহারের। এরপর কারা কর্তৃপক্ষের মাইক্রোবাসে করে কারাগারে ফেরেন তিনি। কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবেই সব শেষ হয়েছে। কোথাও কোনো ঝামেলা হয়নি। আবুল কালাম আজাদ জানান, গুলনাহার ইউসুফের দাফন হবে পিরোজপুর জেলায় জিয়ানগরের সাঈদখালী গ্রামে পারিবারিক কবরস্থানে। তার আগে পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনসহ গ্রামের বাড়িতে আরো দুটি জানাজা হবে। দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া গুলনাহার ইউসুফের আরো দুই ছেলে রয়েছেন। তবে ভাইদের মধ্যে সাঈদীই সবার বড়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ২০টি অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় গত বছরের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন। এরপর তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক সংসদ সদস্য সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চারজন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮৩০ ঘ.