২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার অনুপস্থিতিতে আলোচনা নজিরবিহীন'

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনুপস্থিতিতে ৬৮ বিধিতে তাকে নিয়ে আলোচনা নজিরবিহীন অভিহিত করে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনুপস্থিতিতে ৬৮ বিধিতে তাকে নিয়ে আলোচনা নজিরবিহীন অভিহিত করে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক এ দাবি জানান। যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপি চেয়ারপাসন অবস্থান নিয়েছেন- এ কথা বলে বুধবার সংসদে এ নিয়ে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এর ওপর আলোচনায় সরকারি দলের সংসদ সদস্যরা বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার প্রস্তাবও তোলেন। সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারা অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া যায়। আর তাতে স্পিকার সন্তুষ্ট হলে আলোচনা হতে পারে। ফারুক বলেন, "জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে ৬৮ বিধিতে প্রস্তাব গ্রহণ নজিরবিহীন ঘটনা। অতীতে এমনটি আর কখনোই হয়নি। এই আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই ওই আলোচনা কার্যবিবরণী থেকে প্রত্যাহার করা হোক।" রাজশাহী অঞ্চলের রোড মার্চে খালেদা জিয়া যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তি দাবি করার পর সংসদে এ নিয়ে আলোচনা ওঠে। সংসদ ভবনে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, "আমরা জানি, ৬৮ বিধিতে এক ঘণ্টা আলোচনা হতে পারে। সেখানে এই প্রস্তাবের ওপর তিন ঘণ্টা আলোচনা হয়েছে। এটা কার্যপ্রণালী বিধির বাইরে।" "বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে নয়। আমাদের নেত্রী বলেছেন, ওই বিচার আন্তর্জাতিক মানের হতে হবে। এখনকার বিচারে যা হচ্ছে না," যোগ করেন তিনি। বিরোধীদলীয় প্রধান হুইপ আরো বলেন, "বিরোধীদলীয় নেতাকে কটাক্ষ করে সংসদে বক্তব্য রাখা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা মনে করি, যখন রোড মার্চে খালেদা জিয়ার পক্ষে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে, তখন সংসদে এরকম অনাহুত আলোচনা জনগণকে বিভ্রান্ত করারই একটি অপপ্রয়াস।" স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলে ৩০ হাজার রাজনৈতিক নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দাবি করে ফারুক বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনাল গঠন করে এর বিচার করা হবে। সংসদ বর্জন করে আসা বিএনপি নেতা ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল বিল আনা হলে বিরোধী দল সংসদে ফিরে যাবে। এ নিয়ে বেসরকারি বিল আনতে সরকারি দলের নেতাদের প্রস্তাবের জবাবে তিনি বলেন, ১৯৯৬ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ-জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি দল বিএনপিই সংসদে বিল এনেছিলো। তাই এ বিল এখনকার সরকারি দল আওয়ামী লীগকে আনতে হবে। সংবাদ সম্মেলনে ফারুকের সঙ্গে ছিলেন বিএনপির সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও শাম্মী আখতার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৫ ঘ.