ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন ষোড়শবারের মতো পিছিয়েছে।
আসামি পক্ষের আবেদনে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর নতুন দিন রেখেছেন।
এর আগে আদালত মোট ১৬ বার সময় দিলেও বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করা যায়নি। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ৫ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আনোয়ার শুনানির জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারণ করেন।
সে অনুযায়ী বাবরকে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
তার আইনজীবী এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আদালতে বলেন, এ মামলার কার্যক্রম বাতিল করার আবেদন নিয়ে তারা হাইকোর্টে গেছেন এবং বৃহস্পতিবারই শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা প্রয়োজন।
গত বছর ১৪ ফেব্র"য়ারি জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এ মামলা দায়ের করেন।
১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত জমা দেওয়া আয়কর বিবরণীতে বাবর ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই অর্থের ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪০৫ ঘ.
bdnews24