গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সরকারবিরোধী পোস্টার সাঁটানোর ঘটনায় ছাত্রশিবির কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত আড়াইটার এ ঘটনা ঘটে। এতে শিবিরের ডুয়েট শাখার সাধারণ সম্পাদকসহ ১১ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মারুফ এবং কর্মী তারিকুর রহমান মনি, আক্তারুজ্জামান, গোলাম সাদমানী ও মামুন-উর-রশীদকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবিরের ডুয়েট শাখার সভাপতি ইমরুল কায়েস পরাগ অভিযোগ করেছেন, ছাত্রলীগ কর্মীরা পরীক্ষা পেছানোর জন্য পোস্টার সাঁটানোর অজুহাতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। খন্দকার এনামুল হক শুভ নামে এক ছাত্রলীগকর্মীর নেতৃত্বে সরকারবিরোধী স্লোগান সম্বলিত ওইসব পোস্টার ক্যাম্পাসে সাঁটানো হয় বলেও দাবি করেন তিনি।
অবশ্য এ অভিযোগের ব্যাপারে বৃহস্পতিবার সকালে ছাত্র কল্যাণের সহকারী পরিচালক মো. আবুল কাসেম ও ডুয়েট শাখার ছাত্রলীগ সভাপতি আব্দুল্যাহ আল মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ইমরুল কায়েস বলেন, "পোস্টার সাঁটানোর ঘটনায় রাত আড়াইটার দিকে বিভিন্ন হল থেকে ছাত্রশিবির কর্মীদের ডেকে মারধর করা হয়েছে। তাদের হামলা ও মারধরে সংগঠনের ডুয়েট শাখার সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মারুফসহ ১১ নেতাকর্মী আহত হয়েছেন।"
জয়দেবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক কামরুন্নাহার জানান, এ ধরনের ঘটনার কথা তিনি শুনেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০২৭ ঘ.
bdnews24