২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে আ.লীগ প্রার্থীকে জেতানোর কৌশল চলছে: রিজভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে 'কলাকৌশল' চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে 'কলাকৌশল' চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সদর ও সিদ্দিরগঞ্জ থানার ওসির প্রত্যাহারও দাবি করেন তিনি। রিজভী বলেন, "আমাদের কাছে খবর আছে- ক্ষমতাসীন দলের প্রার্থীকে জেতানোর জন্য স্থানীয় প্রশাসন নানা কলাকৌশলের আশ্রয় নিয়েছে। আমাদের দলের সমর্থিত প্রার্থীর লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। দুই থানার ওসি নির্বাচনকে প্রভাবিত করতে কাজ করছেন।" ৩০ অক্টোবরের এ নির্বাচনে মেয়র পদে অংশ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দুই প্রার্থী মূল আলোচনায় থাকলেও শামীম ওসমান দলীয় সমর্থন পেয়েছেন। অপর প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। লাড়াইয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, "সুষ্ঠু ভোট হলে তৈমুর আলম খন্দকার বিজয়ী হবে। এরই মধ্যে ওই দুই ওসির প্রত্যাহার চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।" নির্বাচনের ফল পাল্টানোর আশঙ্কা করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা আছে। তবে ভরসাও আছে জনগণের ওপর। মিডিয়া ক্যু না হলে জনগণের রায় তৈমুর আলম খন্দকারের পক্ষেই আসবে।" ময়মনসিংহে খালেদার জনসভা বৃহস্পতিবার ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে খালেদা জিয়ার জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে রিজভী বলেন, "বিকাল ৩টায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই জনসভায় বৃহত্তর ময়মনসিংহের মানুষজন অংশ নেবেন।" 'কর্মীদের নির্যাতন করা হচ্ছে' বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছে- এমন অভিযোগ করে তিনি বলেন, বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে, সিলেটে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ছাত্রদল নেতা-কর্মীদের বাসায় গিয়ে হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। কালিয়াকৈর পৌর নির্বাচনের স্থগিত আট কেন্দ্রে ভোট গ্রহণ উপলক্ষে কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। খুলনার মহেশ্বরপাশা খাদ্য গুদাম কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ১ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেনকে গত ২০ অক্টোবর আওয়ামী লীগের সাংসদ ও মন্ত্রীর আশ্রিত সন্ত্রাসীরা হত্যা করেছেন বলেও অভিযোগ করেন রিজভী। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, জাসাস এর যুগ্ম সস্পাদক জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১২৫৬ ঘ.