২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাসায় গেলেন খালেদা

মির্জা আব্বাসের মায়ের মৃত্যুর পর তাদের পরিবারকে সমবেদনা জানাতে বুধবার রাতে শাহজাহানপুরের মির্জা আব্বাসের বাসায় যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা আব্বাসের মায়ের মৃত্যুর পর তাদের পরিবারকে সমবেদনা জানাতে বুধবার রাতে শাহজাহানপুরের মির্জা আব্বাসের বাসায় যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসসহ পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেন খালেদা। তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন। এ সময়ে দলের সহসভাপতি সেলিমা রহমান, ব্যারিস্টার নাজমূুল হুদা, মোসাদ্দেক আলী ফালুসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে স্কয়ার হাসপাতালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মা কমলা খাতুন (৮৫) মারা যান। স্কয়ার হাসপাতাল থেকে তার কফিন শাহজাহানপুরের বাসায় আনা হয়। এরপর রাতে বাদ এশা শহীদবাগ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা অংশ নেন। পরে শাহজাহানপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর শহীদবাগ জামে মসজিদে কমলা খাতুনের কুলখানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩২ ঘ.