২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের লোক: তৈমুর

ভোটগ্রহণের চার দিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণের চার দিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বর্তমান রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান আওয়ামী লীগ দলীয় লোক। তার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমরা শঙ্কিত আছি।" জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও তৈমূরের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আমান উল্লাহ আমান। তৈমুর বলেন, "নির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে জয়ী করার জন্য নীল নকশা প্রণয়ন করা হয়েছে। তবে বিএনপির কাছে তাদের সেই নীল নকশা ধরা পড়ে গেছে।" ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে তৈমুরের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তৈমুর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার বাতিল, সদর মডেল ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে বদলি করার দাাবি জানান। তিনি বলেন, "আমরা নির্বাচনের শুরু থেকেই ইভিএম বাতিলের দাবি জানিয়ে আসছি। আমরা পুরনো ব্যালট পেপার পদ্ধতিতে ভোট চাই।" আমান জানান, তারা তাদের অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছেন। "কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফল ভিন্নখাতে প্রবাহিত করা হলে এই নির্বাচনের মাধ্যমেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে," হুঁশিয়ারি দেন আমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫৪ ঘ.