২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে কালিয়াকৈরের স্থগিত ৮ কেন্দ্রে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার স্থগিত আট কেন্দ্রের পুন:ভোটগ্রহণ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার স্থগিত আট কেন্দ্রের পুন:ভোটগ্রহণ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। তবে সরেজমিনে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। আটটি কেন্দ্রের মোট ভোটার ৩১ হাজার ৩৬৭ জন। ১৭ জানুয়ারি প্রথমবারের মতো কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে ৭ ও ৮ নং ওয়ার্ডের ৮টি কেন্দ্রের ভোটার তালিকায় গড়মিল দেখা দিলে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে। পরে এক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২৯ অক্টোবরের মধ্যে স্থগিত আট কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের নির্দেশ দেয়। এরপরই নির্বাচন কমিশন ২৬ অক্টোবর পুন:ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় জানায়, উপজেলার শ্রীফলতলী, মৌচাক, আটাবহ ইউনিয়ন নিয়ে ২০০১ সালের ২১ জুন কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালের ১৫ মে এর কার্যক্রম শুরু হলেও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিএনপি নেতা মো. মজিবুর রহমান দীর্ঘদিন ধরে পৌরসভার প্রশাসকের দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৩০৭ ঘ.