নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য প্রার্থীরা সন্তোষ প্রকাশ করলেও নির্বাচন কমিশন আয়োজিত বিতর্ক অনুুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
বিতর্কের পরপর তিনি সাংবাদিকদের বলেন, "ইভিএমকে জায়েজ করার জন্যই নির্বাচন কমিশনের মাধ্যমে এ নির্বাচনী বিতর্কানুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়েছে।"
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরোধিতা করে আসা বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি তৈমুর বিতর্কেও এ পদ্ধতি নিয়ে আপত্তি তুলে ধরেন।
নারায়ণগঞ্জ ক্লাব মুক্তমঞ্চে মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বিতর্কে অংশ নেন তৈমুরসহ ছয় জন মেয়র প্রার্থী। প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন অবশ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিতর্ক অনুষ্ঠান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তৈমুর বিতর্কে ইভিএম নিয়ে বলেন, "আমি শুরু থেকেই ইভিএমের জোরালো প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে, এটা নিরাপদ নয়। কেননা, ডিসপ্লে¬ সেন্টারের কন্ট্রোল যার হাতে থাকবে, সে যে বিক্রি হবে না- তার নিশ্চয়তা কোথায়?"
"ইভিএম নিয়ে কথা বলায় প্রধান নির্বাচন কমিশনার আমার প্রার্থিতা বাতিলের হুমকিও দিয়েছে।"
ইভিএমে ভোটগ্রহণের গতি ধীর হবে বলেও দাবি করেন তিনি।
তবে বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিএনপি নেতা তৈমুরের বক্তব্যের বিরোধিতা করেন।
তিনি বলেন, "ইভিএমে প্রতিটি ভোট নিতে ২০-৩০ সেকেন্ড সময় লাগবে। এটা কোনোভাবেই ভোটগ্রহণকে ধীর করবে না।"
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, এ সব ওয়ার্ডে ভোট নেওয়ার মহড়া শুরু হচ্ছে। গত ২৩ অক্টোবর থেকে এ বিষয়ে প্রচারণাও চলছে।
"আপনারা এসে ভোটের মহড়ায় অংশ নিন, দেখে যান," বলেন ইসির এ কর্মকর্তা।
তবে বিতর্কে ইভিএমের পক্ষে সমর্থন দেন অন্য সব প্রার্থী। তবে এ নিয়ে প্রচারে ঘাটতি রয়েছে বলে দাবি করেন শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীসহ অন্য পাঁচ প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এমআই/১০৪৪ ঘ.
bdnews24