বাগেরহাট, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ ও টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ ঘটে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ দলীয় মেয়র ও সংসদ সদস্যর পক্ষের লোকজন প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
"টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে", বলেন তিনি।
এসময় ফিরোজ আহম্মেদ নামে এক এসআই লাঞ্ছিত হন জানিয়ে খায়ের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অসীম কুমার সমাদ্দার জানান, ৮-১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৮ ঘ.
bdnews24