২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে: কামরুল

যুদ্ধাপরাধের মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাতেই বিরোধী দল রোডমার্চ করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাতেই বিরোধী দল রোডমার্চ করছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, "সাক্ষীদের ভয়ভীতি দেখাতেই বিরোধীদল রোডমার্চ করছে। ভয় দেখিয়ে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। আমাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। ইতোমধ্যে পিরোজপুরের মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপির নেতৃত্বে চারদল গত ১০ অক্টোবর ঢাকা-সিলেট এবং গত ১৭ ও ১৮ অক্টোবর ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চ করে। চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চের পথে বগুড়ায় এক জনসভায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।" বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল রাজনৈতিক উদ্দেশে গঠিত। ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করছেন আইন প্রতিমন্ত্রী। তাছাড়া এটি আন্তর্জাতিক মানের নয়। বঙ্গবন্ধু সে সময় যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন। এর জবাবে সোমবার আলোচনা সভায় কামরুল বলেন, "বঙ্গবন্ধুর সরকার যুদ্ধাপরাধীদের বিচারে সারা দেশে ৬০টি ট্রাইব্যুনাল গঠন করেছিলো। এ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ সাল পর্যন্ত ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬৮ জনকে যাবজ্জীবন এবং ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এ ছাড়া প্রায় ১০ হাজার জন কারাগারে বন্দি ছিলেন, তাদের বিচার চলছিলো। "৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে, জিয়াউর রহমান এক ফরমানে ট্রাইব্যুনাল বাতিল করে এবং সাজাপ্রাপ্তদের মুক্ত করে দেন। পরবর্তীতে সংবিধান সংশোধন করে দালালদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেন", যোগ করেন কামরুল। দুই সন্তান এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই খালেদা জিয়া আন্দোলন করছেন- এমন অভিযোগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, "যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখেছিলেন দেশের জন্য, তখন তিনি ঢাকা ক্যন্টনমেন্টে পাকিস্তানি সেনাকর্মকর্তাদের আতিথেয়তা গ্রহণ করছিলেন।" শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, "মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বেগম জিয়া মুত্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের দর্শনকে অপমান করেছেন। তবে বিলম্বিত হলেও 'থলের বেড়ালটি বেড়িয়ে আসতে' শুরু করেছে।" সামাজিক প্রতিরোধের মাধ্যমে তাদের কোণঠাসা করে ফেলা হবে বলে উল্লেখ করেন তিনি। 'স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে জামাতের চক্রান্ত: আমাদের করণীয়' শীরোনামে এই আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন 'জনতার প্রত্যাশা'। অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ কৃষক লীগের মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক নূরজাহান বেগম আলো অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/জেকে/১৬১০ ঘ.