২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ পদ: ফজলুল আজিমের লিভ টু আপিল অনুমোদন

স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সদস্যপদ খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিলের অনুমতির আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 06:34 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সদস্যপদ খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিলের অনুমতির আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। ফজলুল আজিমের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, "এর ফলে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সংসদ পদে বহাল থাকতে কোনো বাধা রইলো না।" ২০০৮ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া-সুবর্ণচর) আসনে আজিম ৭২ হাজার নয়শ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়েশা ফেরদাউস পেয়েছিলেন ৬৭ হাজার নয়শ ৮৩ ভোট। আয়েশা নির্বাচনী ফল বাতিল চেয়ে ২০০৯ সালের ২৩ ফেব্র"য়ারি আবেদনটি দায়ের করেন। আবেদনে তিনি ওই আসনের ১০টি কেন্দ্রে ভোটার পুনর্বিন্যাস, একটি কেন্দ্র সরিয়ে নেওয়া ও ভোট কারচুপির অভিযোগ আনেন আজিমের বিরুদ্ধে। আদালত আবেদনটির ওপর ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করে রায়ে বলেছে, "ফজলুল আজিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে সহকারী রিটার্নিং অফিসারের নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে ভোটার পুনর্বিন্যাস ও ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার এখতিয়ার ছিল না। এজন্য পুরো ফল বাতিল করা হলো।" রায়ে আরো বলা হয়, "নির্বাচন কমিশন ওই ১০টি কেন্দ্রে নতুন করে ভোটার তালিকা তৈরি করে পুরো নোয়াখালী-৬ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠান করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/০০১২ ঘ.