২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চট্টগ্রাম রোড মার্চ জানুয়ারিতে

জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বিএনপি। রোববার রাতে গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে দলের চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন চেয়ারপার্সন খালেদা জিয়া। বৈঠক শেষে চট্টগ্রাম উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চে করবেন দেশনেত্রী খালেদা জিয়া। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।" চেয়ারপার্সনের সঙ্গে এই বৈঠকে চট্টগ্রাম মহানগর বিএনিপর সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেলা দক্ষিণের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তরের সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে চট্টগ্রামমুখী রোড মার্চ নিয়ে আলোচনা হয়েছে। তবে রোড মার্চের দিনক্ষণ ঠিক হয়নি।" গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের জনসভা থেকে খালেদা জিয়া ২৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করলেও পরে জেলা নেতাদের অনুরোধে তা স্থগিত করা হয়। জেলা নেতাদের অনেকে হজ পালনে সৌদি আরব যাবেন বলে ওই কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান তারা। সোমবার সন্ধ্যায় বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওয়ানা হবেন। ইতিমধ্যে খালেদা জিয়া গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৫ ঘ.