২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক ছাত্রদলকর্মী খুনের মামলায় আসামি ভিপি-জিএসসহ ২২

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রদলকর্মী আবিদুর রহমান হত্যাকাণ্ডে কলেজের ভিপি-জিএসসহ ছাত্রলীগের ২২ জনকে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রদলকর্মী আবিদুর রহমান হত্যাকাণ্ডে কলেজের ভিপি-জিএসসহ ছাত্রলীগের ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। আবিদুরের মামা নেয়ামত উল্লাহ চৌধুরী রোববার ভোররাতে পাঁচলাইশ থানায় এ মামলা করেন বলে পুলিশ জানিয়েছে। দন্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ শনিবার ক্যাম্পাসে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগকর্মীদের পিটুনিতে মারা যায়। এরপর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় রাজনীতি। নেয়ামত মামলায় তার ভাগ্নেকে হত্যার জন্য চমেক ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) মফিজুর রহমান জুম্মান ও জিএস (সাধারণ সম্পাদক) হিমেলসহ ২২ জনকে দায়ী করেছেন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১৫১৫ ঘ.