২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিতে প্রধানমন্ত্রী সহযোগিতা করছেন: নোমান

'দুর্নীতিবাজ মন্ত্রীদের দুর্নীতিতে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষভাবে 'সহযোগিতা' করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দুর্নীতিবাজ মন্ত্রীদের দুর্নীতিতে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষভাবে 'সহযোগিতা' করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। শনিবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, এ সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতির মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটালেও তিন বছরে সরকার দেশ ও জনগণের কোনো উন্নয়ন করতে পারেনি। "বরং দুর্নীতিবাজ মন্ত্রীদের দুর্নীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে", যোগ করেন তিনি। বিএনপির রোড মার্চ চট্টগ্রামে গণজাগরণ সৃষ্টি করেছে মন্তব্য করে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বলেন, "চট্টগ্রামে খালেদা জিয়ার মহাসমাবেশ থেকেই সরকার পতনের কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।" শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৭ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এরপর তিনি চট্টগ্রাম, খুলনা ও রংপুরে রোড মার্চ করবেন। সাবেক মন্ত্রী নোমান বলেন, "চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ ও চট্টগ্রামের মহাসমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করে চট্টগ্রাম থেকেই মহাজোট সরকারের পতন ঘণ্টা বাজানো হবে।" নগরীর খুলশী এলাকায় নিউ ঝাউতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, বিএনপি নেতা এম এ সবুর, খুলশী থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/২০০০ ঘ.