ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শামীম ওসমানের প্রতি আওয়ামী লীগের সমর্থন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না সেলিনা হায়াৎ আইভী।
তিনি মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি মাঠে আছেন, মাঠে থাকবেন।
এর আগে সন্ধ্যায়ই সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে দলীয় সমর্থনের আনুষ্ঠানিক ঘোষণা দেন আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ।
হানিফের ঘোষণার প্রতিক্রিয়া জানতে আইভীকে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বাইরে আছি। হানিফ ভাই কী বলেছেন, আমি তা শুনিনি। আপনারা জানেন আমি আওয়ামী লীগ করি। প্রতিক্রিয়া এখনি জানাতে পারছি না।"
নির্বাচনে থাকবেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার সরে দাঁড়ানোর সুযোগ নেই। আমি মাঠে আছি, মাঠে থাকবো। ৩০ অক্টোবর জনগণ ভোটের মাধ্যমে আমার জবাব দেবে।"
কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষণার বিষয়টি নিজে নিশ্চিত হয়ে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভী।
নতুন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে দলের দুই নেতা মেয়র পদে প্রার্থী হওয়ায় বিপাকে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের দুই সদস্যকে সমঝোতায় আনতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তাদের নিয়ে দুই দফা বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত অনমনীয় থাকেন তারা।
এরপর আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেওয়ার কথা না জানালেও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শামীমের প্রতিই সমর্থন ঘোষণা করে বক্তব্য রেখে আসছিলেন।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা খান সাহেব ওসমান আলীর নাতি শামীম 'দেয়ালঘড়ি' প্রতীক নিয়ে লড়ছেন। শামীমের বাবা শামসুজ্জোহাও ছিলেন আওয়ামী লীগের নেতা। তার এক ভাই নাসিম ওসমান জাতীয় পার্টির সংসদ সদস্য। অন্য ভাই সেলিম ওসমান বিকেএমইএ সভাপতি।
আইভীর বাবা আওয়ামী লীগ নেতা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পেশায় চিকিৎসক আইভী 'দোয়াত কলম' প্রতীক নিয়ে লড়বেন। বিগত চারদলীয় জোট সরকারের সময়ে বিরোধী দল সমর্থিত প্রার্থী হয়ে বিপুল ভোটে জেতেন আইভী।
সরকারি দলের দুই প্রার্থী হওয়ায় বিরোধী দলের নেতা-কর্মীরা আশা করছেন, এতে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খোন্দকার সুবিধা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এএল/এমআই/২১৫১ ঘ.
bdnews24