২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনকে 'হুমকি', তৈমুরকে কৈফিয়ত তলব

নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের কাছে কৈফিয়ত তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের কাছে কৈফিয়ত তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান কৈফিয়ত তলবের এ চিঠি পাঠান। পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে। বিশ্বাস লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলে মাগুরার মত পরিস্থিতি সৃষ্টি হবে বলে নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে একটি বেসরকারি টেলিভিশনে বক্তব্য দেন তৈমুর আলম খন্দকার। এ কারণে তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এ ব্যাপারে রাত ১০টায় তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, "এখনো আমি নির্বাচন কমিশনের কোনো চিঠি পাইনি। চিঠি পেলে এর জবাব দেব।" এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানকে দুই দফা সতর্কীকরণ চিঠি দেয় নির্বাচন কমিশন। একই অভিযোগে মেয়র পদপ্রার্থী শামীম ওসমান, সেলিনা হায়াত আইভী ও তৈমুর আলম খন্দকারসহ বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীকে সতর্ক করে চিঠি দেয় কমিশন। আগামী ৩০ অক্টোবর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নয়টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.