২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতিবাজ তারেককে ক্ষমতা দিতে চান খালেদা'

খালেদা জিয়া তারেক রহমানের মতো 'দুর্নীতিবাজদের' হাতে ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া তারেক রহমানের মতো 'দুর্নীতিবাজদের' হাতে ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাশেদ খান মেনন। সিলেটের জনসভায় বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে মেনন বলেন, "যারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথা বলেন তারা জানেন যে, এ দেশে যদি যুদ্ধাপরাধীদের বিচার হলে তাহলে তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকবে না। সে কারণেই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।" বিরোধীদলের 'ধ্বংসাত্মক' রাজনীতির প্রতিবাদে কমলাপুরে বুধবার বিকালে মতিঝিল থানা যুবলীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। 'নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন' বলে খালেদার মঙ্গলবারের বক্তব্যের প্রসঙ্গ টেনে মেনন বলেন, "এর মানেই আপনি তারেক রহমানের মতো দুর্নীতিবাজের হাতে ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে মহাজোটের এই নেতা বলেন, "খালেদা জিয়া নিজেও জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিন বারের নির্বাচনের জন্য ঠিক করা হয়েছিল। খালেদা জিয়া কেন এ সরকার ব্যবস্থার কথা বারবার বলছেন? তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কী সমস্যা হয়েছিল তিনি নিজেও জানেন এবং দেশবাসীও তা জানে।" সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার কথা। এর বিরোধিতা করে এ ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে খালেদার নেতৃত্বাধীন বিএনপি ও চারদলীয় জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০৩ ঘ.