২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই পদ্মা সেতুর অর্থায়ন করতে পারে: মন্ত্রী

সরকার চাইলে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করতে পারে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চাইলে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করতে পারে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "সরকার প্রতিবছর দেড় লাখ কোটি টাকার বাজেট দেয়। এর থেকে দুই হাজার কোটি টাকা খুব বেশি কিছু নয়।" বিশ্বব্যাংক অর্থায়ন না করলে সরকার বিকল্প কিছু ভাববে কিনা জানতে চাইলে এ মন্তব্য করেন আবুল হোসেন। তিনি বলেন, "সরকার ইচ্ছা করলে চার বছরে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেও এ প্রকল্প বাস্তবায়ন করতে পারে।" দেশের সর্ববৃহৎ এ সেতু প্রকল্পে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য বিশ্বব্যাংক সরকারের সঙ্গে চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ ওঠায় কয়েক দিন আগে সংস্থাটি অর্থায়ন স্থগিত করে। এ প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সাংবাদিকদের বলেন, "পদ্মা সেতু নির্মাণে নদী শাসন, পরামর্শক নিয়োগ এবং প্রাক যোগ্যতা যাচাই নিয়ে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক অভিযোগ করেছে। তারা আপাতত অর্থায়ন স্থগিত করেছে।" এদিকে দুর্নীতি দমন কমিশন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ বিশ্বব্যাংকের কাছ থেকে পেলেই অনুসন্ধান শুরু করবে তারা। বিশ্বব্যাংক ছাড়াও ২৯০ কোটি ডলারের এ প্রকল্পের জন্য এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। অতীতেও ঋণ চুক্তি বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে- এমন অভিযোগ করেন আবুল হোসেন বলেন, "... তবে দাতারাই এ প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে দ্রুত ঋণ চুক্তি করেছে। এখন তাদের সাময়িক স্থগিতাদেশের কারণে সেতু নির্মাণ কাজ কিছুটা বিলম্বিত হবে। তবে এ সরকারের আমলেই এ সেতুর কাজ শুরু হবে।" যাদের সঙ্গে ঋণ চুক্তি হয়েছে, তাদের অর্থায়নেই এ কাজ হবে- এমন আশা করছেন তিনি। পদ্মা সেতু বাস্তবায়নে যমুনা সেতুর মতো সারচার্জ আরোপ করার পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এখনো এমন কোনো পরিকল্পনা সরকার নেয়নি, কিংবা ভাবাও হচ্ছে না। তবে এটা করতে পারলে ভালো হতো। 'দুর্নীতি হলে তদন্ত করুন' পদ্মা সেতু নির্মাণে 'দুর্নীতি' নিয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে বিএনপিকেই তদন্ত করার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মঙ্গলবার সিলেটে জনসভায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের কথা তুলে ধরে খালেদা বলেন, সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতু হচ্ছে না। আবুল হোসেন দাবি করেন, পদ্মা সেতু প্রকল্পে সরকারের তরফে কোনো দুর্নীতি হয়নি। কারণ এটির পরামর্শক নিয়োগের দরপত্রের ভিত্তিতে যোগ্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করে কারিগরি ও মূল্যায়ন কমিটি বিশ্বব্যাংকের কাছে মতামতের জন্য পাঠিয়েছে। এ ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির প্রতি অনুরোধ জানানোর কথাও তুলে ধরেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় মূল্যায়ন কমিটিতে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা রাখা হয়নি। কমিটিতে থাকা সদস্যদের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। "আমার কাছেও প্রতিদিন ১০০ থেকে ২০০ দুর্নীতির অভিযোগ আসে। এর মধ্যে নাম ও ঠিকানা ছাড়া অভিযোগগুলো ডাস্টবিনে ফেলা হয়। বাকিগুলো তদন্ত করে দেখা হয়।" তার মতে, যারা পদ্মা সেতু বাস্তবায়ন চায় না, তারাই এ নিয়ে নানা 'ভিত্তিহীন' অভিযোগ করছে। "যারা অভিযোগ করেছে, আমরা চাই তারা অভিযোগের সামনে দাঁড়াক, স্বাক্ষ্য-প্রমাণ দিয়ে অভিযোগ প্রমাণ করুক", যোগ করেন আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসআই/এএল/জেকে/১৭১৮ ঘ.