২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে। সোমবার আসামি পক্ষের আইনজীবীর আবেদনে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন ১ ডিসেম্বর শুনানির নতুন তারিখ ঠিক করেন। এতিমদের সহায়তা করার উদ্দেশে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ছয়শ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে। দুদকের সহকারী পরিচালক হারুনার রশীদ মামলাটি তদন্ত করে খালেদা জিয়া, তারেক রহমানসহ আরো চারজনকে অভিযুক্ত করে গত ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর চার আসামি হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগামী ২১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬২৯ ঘ.