মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট অভিমুখে বিএনপির রোড মার্চ ও জনসভাকে কেন্দ্র করে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে মঙ্গলবার বিকালে আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় ৫ লাখ জনসমাগমের প্রস্তুতি নিয়ে কাজ করছে বিএনপি।
শহরের বাইরে থেকে নেতাকর্মীদের নিয়ে আসার ব্যবস্থা থেকে শুরু করে থাকা-খাওয়ারও আয়োজন চলছে।
যে কোনো ধরনের গোলযোগ সৃষ্টিকারীদের সাজা দিতে দুজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনসভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় এক হাজার সদস্য মোতায়েন থাকবে। সভাস্থলে থাকবে আটটি সিসি ক্যামেরা।
সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, রোড মার্চে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক শাস্তির জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, সড়কে ৩০০ পুলিশ ও বিভিন্ন বাজারে ১৫ জন করে টিম কাজ করছে। এছাড়া ৪টি ভ্রাম্যমাণ দল ও সাদা পোশাকে ১০০ পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
মঙ্গলবারের জনসভায় নিরাপত্তার জন্য আলীয়া মাদ্রাসা মাঠে প্রায় এক হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বলে জানান পুলিশ সুপার।
মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া জানান, জনসভার সময় মাঠের আশেপাশে আটটি ক্যামেরা বসানো থাকবে। ১৫টি ভ্রাম্যমাণ দল, ১০টি স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকে ১০০ পুলিশ মোতায়েন থাকবে।
এদিকে জনসভার প্রচারে বিএনপি ও চারদলীয় জোটের পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরী।
বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা জানান, শহরের বাইরে থেকে ৩ লাখ নেতাকর্মীদের আনতে ভাড়া করা হয়েছে প্রায় সাত হাজার বাস, ট্রাক ও মাইক্রোবাস। বাকি দুই লাখ নেতাকর্মী নিজস্ব ব্যবস্থায় জনসভায় যোগ দেবে বলে আশা করছে নেতারা।
জনসভায় ১২৫টি মাইক ব্যবহার করা হবে। এছাড়া ৫টি প্রজেক্টরের মাধ্যমে জনসভা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
হাজার খানেক গাড়ির বহর নিয়ে সোমবার সকালে ঢাকা থেকে সিলেটের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা।
সোমবার রাতে এ রোড মার্চ সিলেট পৌঁছবে। ঢাকা থেকে আসা নেতা-কর্মীদের জন্য নগরীর ১০টি কমিউনিটি সেন্টার ভাড়া করেছে স্থানীয় বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী রোববার জানান, জনসভা উপলক্ষে আড়াই লাখ পোস্টার, দুই লাখ লিফলেট ছাপানো ও এক হাজার বিলবোর্ড তৈরি করা হয়েছে। এছাড়া চারদলের পক্ষ থেকে আরো এক লাখ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।
খালেদা জিয়ার সিলেট সফর ও জনসভা উপলক্ষে বাজেট সম্পর্কে ইলিয়াস আলী বলেন, "সব ব্যয়ভার বিএনপি নেতারা বহন করছেন। তবে টাকার পরিমাণ বলতে রাজি হননি তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৪ ঘ.
bdnews24