ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সোমবার সকাল ১০টায় সিলেট অভিমুখে রোড মার্চ কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে এ কথা জানিয়ে সাদেক হোসেন খোকা বলেন, "শান্তিপূর্ণ এই কর্মসূচির সব প্রস্তুতি শেষ হয়েছে। এতে কমবেশি তিন হাজার গাড়ি অংশ নেবে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে ওইসব গাড়ির জন্য দলীয় স্টিকার সরবারহ করা হয়েছে।"
সাদেক হোসেন রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক। বিএনপির এ নেতা ঢাকার মেয়রও।
গত ২৭ সেপ্টেম্বর তিন জেলা অভিমুখে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। এ অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ঢাকা-রাজশাহী এবং ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম হওয়ার কথা। তবে পরে চট্টগ্রামমুখী রোড মার্চ স্থগিত করেছে দলটি।
ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে রোববার অভিযোগ করা হয়, স্থানীয় ক্ষমতাসীন ও প্রশাসনের চাপে রাজধানীর কয়েকটি স্থানে রেন্ট এ কারের ভাড়া করা গাড়ির অগ্রিম অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
এ ধরণের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে খোকা বলেন, "ক্ষমতাসীনদের এ ধরণের তৎপরতা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা আশা করব- তারা এ থেকে বিরত থাকবেন।"
রোড মার্চে বাধা দেওয়া হলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন সাদেক হোসেন।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, "সিলেট পর্যন্ত আমাদের নেত্রী ছয়টি পথসভা এবং বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।"
সোমবার রাতে সিলেটে রাত্রিযাপন শেষে পরদিন খালেদা জিয়া হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকালে আলিয়া মাদ্রাসার জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সিলেট রোড মার্চ শেষ হবে।
সিলেটের পথে তিনটি সেতুতে টোল দেওয়ার বিষয়টি তুলে ধরে সাদেক হোসেন বলেন, "এতো বেশি সংখ্যা গাড়ির টোল দিতে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। সেজন্য আমরা সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলাপ করে সিদ্ধান্তে উপনীত হয়েছি- সব গাড়ির হিসাব করে পরবর্তীতে একসঙ্গে বিল দেওয়া হলে তা বিএনপি পরিশোধ করবে।
"এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সঙ্গে আমাদের বিস্তারিত আলাপ হয়েছে।"
রোড মার্চে চার দল, এলডিপিসহ সমমনা দলের নেতারা, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা, সাংসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি।
সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮১৪ ঘ.
bdnews24