ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চাপে 'নির্দলীয়' স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ পেলে নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, "কারো মনোনয়ন প্রত্যাহারে দলীয়ভাবে চাপ দিলে এবং এ বিষয়ে ইসির কাছে অভিযোগ এলে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে সমঝোতার ভিত্তিতে কেউ মনোনয়ন প্রত্যাহার করলে ইসির কিছু করার নেই।"
অবশ্য কী ব্যবস্থা নেওয়া হবে তা ব্যাখ্যা করেননি তিনি।
এদিকে এনসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য রোববার আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বৈঠক করেন দলের প্রেসিডিয়াম সদস্য সজেদা চৌধুরী। পরে জানানো হয় মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
এ নির্বাচনে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
'তারা যত কম কথা বলবেন ততই সুবিধা'
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন বক্তব্য গণমাধ্যমে না দেওয়ার জন্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান সাখাওয়াত।
তিনি বলেন, "তারা যত কম কথা বলবেন ততই নির্বাচন কমিশনের জন্য সুবিধা, নির্বাচনী পরিবেশের জন্য সুবিধা।"
অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, নির্দলীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কিছু নেই। তবে প্রার্থীকে দলীয় সমর্থন দিতে কোনো আইনী বাধা নেই।
তিনি জানান, প্রধান দলগুলো মেয়র পদে তাদের প্রার্থীদের সমর্থন দিচ্ছে। দলীয় নেতাদের সঙ্গে বৈঠকেও অসুবিধা নেই।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এনসিসি'র যেসব ওয়ার্ডে ইভিএম ব্যবহার হবে এবং যেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে- তা শিগগির জানানো হবে বলে জানিয়েছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭৪৭ ঘ.
bdnews24