২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চে 'অরাজকতা' হলে ব্যবস্থা: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোড মার্চে বিএনপিকে সহায়তা দেবে। তবে কোনো 'অরাজক' পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোড মার্চে বিএনপিকে সহায়তা দেবে। তবে কোনো 'অরাজক' পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সারদা পুলিশ একাডেমীর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রোববার মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে। সেক্ষেত্রে রোড মার্চে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।" "তবে গাড়ি ভাঙচুরের মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে," হুঁশিয়ারি করেন তিনি। সোমবার সিলেট এবং ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে এই রোডমার্চ করবে বিএনপি। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়ির সামনে থেকে শুরু হবে সিলেট রোডমার্চ। ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি স্থানে পথসভা করবে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সিলেট শহরে এক জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। এই কর্মসূচির নাম ঠিক হয়নি উল্লেখ করেন সাহারা খাতুন বলেন, "এটাকে রোড মার্চ বলা যায় কি না- আমরা জানি না, তারা (বিএনপি) পায়ে হেঁটে যাবে না, তারা গাড়ি নিয়ে যাবে।" গত ২৭ সেপ্টেম্বর নয়াপল্টনে সমমনাদের নিয়ে এক সমাবেশ থেকে রোডমার্চের এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা। পরে এক অনুষ্ঠানে তিনি বলেন, রোড মার্চের পর 'ফাইনাল ম্যাচের' প্রস্তুতি শুরু করবে বিএনপি। সিলেটের ঘটনা 'স্পর্শকাতর' শুক্রবার সিলেটের দুটি বেসরকারি মেডিকেল কলেজের চার ভারতীয় ছাত্রকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঘটনাটি স্পর্শকাতর, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।" তদন্ত শেষে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান সাহারা। বৃহস্পতি ও শুক্রবার সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারতীয় দুই চিকিৎসক এবং দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরে শনি ও রোববার তাদের ছেড়েও দেওয়া হয়। তবে কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো- সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি সরকারের তরফ থেকে। রাজধানীতে গুম খুন ও ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যেসব বিষয় নজরে আসছে সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" গত ১০ বছরের তুলনায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারদা পুলিশ একাডেমীর শতবর্ষপূর্তি উদযাপনে ২০১২ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।" অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মনজুর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ আইন-শঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৫৫৪ ঘ.