ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় গণতন্ত্রে সরকারের উপদেষ্টা হিসেবে সৈয়দ মোদাচ্ছের আলী মনে করেন, বিরোধী দলকে উপদেশ দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে।
সহিংস রাজনৈতিক কর্মসূচি এড়াতে বিরোধী দলের প্রতি পরামর্শ রেখেছেন তিনি। দুই নেত্রীর আলোচনার সম্ভাবনাও নাকচ করেছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
সৈয়দ মোদাচ্ছের শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক কর্মশালায় বলেন, "যেহেতু পার্লামেন্টারি সিস্টেম চলছে। তাই সরকারের উপদেষ্টা হিসেবে আমি সবারই উপদেষ্টা।"
বিরোধী দলের রোড মার্চ কর্মসূচি যাতে নির্বিঘœ হয়, সে দিকে সরকারের মনোযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, "কিন্তু যদি তারা (বিরোধী দল) গাড়ি ভাংচুর করে, তখন সরকারও পদক্ষেপ নেবে। কারণ জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের রয়েছে।"
সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করছে দাবি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের বলেন, তারা কোনো ইস্যু না পেয়ে দল গোছানোর জন্য রোড মার্চ করছে।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপিসহ বিরোধী দল আন্দোলনের এ কর্মসূচি দিলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পদ্ধতি পুনপ্রবর্তনের সম্ভাবনা নাকচ করেন তিনি।
মোদাচ্ছের বলেন, "মরা গাছে যতই পানি ঢালা হোক, তা তাজা হয় না। বরং নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে।"
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ডাকাতি-রাহাজানি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সংলাপের সম্ভাবনা নাকচ করে মোদাচ্ছের বলেন, "যিনি সন্তানদের নিয়ে হত্যার পরিকল্পনা করতে পারেন, ওই ধরনের নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনার দরকার নেই। এসব মারফতি যুগ শেষ হয়ে গেছে।"
২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলার তদন্তে তারেক রহমানের 'সম্পৃক্ততা'র প্রতি ইঙ্গিত করে উপদেষ্টার এ বক্তব্য। বিএনপি অবশ্য বলে আসছে, প্রভাব খাটিয়ে এতে খালেদার ছেলের নাম জড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১২০৬ ঘ.
bdnews24