সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিলেটে ১১ অক্টোবর খালেদা জিয়ার জনসভা থেকেই সরকারের 'বিদায় ঘণ্টা' বাজবে।
শুক্রবার দুপুরে সিলেটে এক কর্মী সভায় তিনি বলেন, "এ সমাবেশ থেকেই সংগ্রামের ঘোষণা দেবেন খালেদা জিয়া। আর এই সংগ্রাম দেশ ও মানুষ বাঁচানোর জন্য।"
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই কর্মী সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে ১০ অক্টোবর সিলেট অভিমুখে রোডমার্চ এবং পরদিন সিলেট শহরে জনসভা সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, "দেশ ও জাতিকে এই 'জালিম' সরকারের হাত থেকে উদ্ধারের জন্য এ সমাবেশ সফল করতে হবে।"
গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে বিএনপি ও সমমনাদের নিয়ে এক জনসভা থেকে এই রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। সিলেটের পর ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। চট্টগ্রামের উদ্দেশ্যেও একই ধরনের কর্মসূচি দেওয়া হলেও পরে তা স্থগিত করে বিএনপি।
বতর্মান সরকারের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামের প্রথম সমাবেশ সিলেটেই হতে যাচ্ছে উল্লেখ করে সিলেট রোডমার্চ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোশাররফ বলেন, "সব ভেদাভেদ ও ছোটখাটো ভুল বুঝাবুঝি কাটিয়ে সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে।"
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এম ইলিয়াস আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল আলম চৌধুরী এবং যুগ্ন মহাসচিব মো. শাহাজাহান।
মির্জা আব্বাস বলেন, "খালেদা জিয়ার জনসভাকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা সরকারের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভেরই প্রমাণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭০০ ঘ.
bdnews24