২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের 'মরা গাছে' ফুল ফোটানোর আশায় ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারকে মরা গাছ আখ্যা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যের জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, জনগণ পরিচর্যা করেই 'মরা গাছটি' বাঁচিয়ে তুলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারকে মরা গাছ আখ্যা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যের জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, জনগণ পরিচর্যা করেই 'মরা গাছটি' বাঁচিয়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "এটি (তত্ত্বাবধায়ক সরকার ) মরা গাছ নয়, দেশের মানুষের কাছে সৃজনশীল-উপযোগী একটি নির্বাচনী ব্যবস্থা।" "আমরা বিশ্বাস করি, জনগণের দাবিতে আবারো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে। দেশের মাটির এতই উর্বরতা শক্তি, সুরঞ্জিত বাবুদের সেই মরা গাছটি জনগণ আবার পরিচর্যা করে বাঁচিয়ে তুলবে। ওই গাছে ফুলও ফুটবে", বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বুধবার বিরোধী দলের উদ্দেশে বলেন, "মরা গাছে ফুল ফুটে না। যে গাছ মরে গেছে, তাতে ফুল ফোটানোর চেষ্টা করবেন না।" ফখরুল বলেন, "সুরঞ্জিত বাবু যে মরা গাছের কথা বলেছেন, তা আওয়ামী লীগেরই সৃষ্টি। তারাই সেই গাছটি এতদিন পরিচর্যা করেছেন, তাতে পানি দিয়েছেন। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেই গাছটিকে মৃত গাছ আখ্যায়িত করছেন।" রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব ও অবিশ্বাসের কারণে এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিকল্প নেই বলে দাবি করেন বিএনপির মুখপাত্র। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বর্তমান বিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, যা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে সুরঞ্জিতের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন ফখরুল। বুধবার রাতে নরসিংদী যাওয়ার পথে সড়ক দুঘটনায় আহত হন ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ। ভারপ্রাপ্ত মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন। ফখরুলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য গোলাম আরশাদ, হুমায়ুন কবীর বুলবুল, যুবদলের সহসভাপতি মোরতাজুল করীম বাদরু। 'পরিবেশ' সৃষ্টি হলে সংসদে ফিরবে বিএনপি এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, "আমরা সংসদে যেতে চাই। কিন্তু বর্তমানে সংসদে যাওয়ার সেই পরিবেশ সৃষ্টি হয়নি। পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই বিএনপি সংসদে ফিরে যাবে।" আগামী ২০ অক্টোবর সংসদের একদশ অধিবেশন শুরু হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি সর্বশেষ সংসদে যায়- চলতি বছরের মার্চ মাসে। সাখাওয়াতের বক্তব্যের প্রতিক্রিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের জবাবে ফখরুল বলেন, "আমরা ইভিএম এর সম্পূর্ণ প্রযুক্তি পরীক্ষা করে বলেছি- এই মেশিনে ভোট কারচুপি করা সম্ভব। এটি নিরাপদ ব্যবস্থা নয়। বিশ্বের অনেক দেশ এই মেশিন বাতিল করেছে। সাখাওয়াত বুধবার সাংবাদিকদের বলেন, বিএনপি ইভিএম সম্পর্কে না জেনেই এর বিরোধিতা করছে। ফখরুল বলেন, "আমরা কোনো কিছু না বুঝে বলেছি, এটা সঠিক নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স মরা গাছে ফুল ফোটে না: সুরঞ্জিত