ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৪৯ নেতাকর্মীকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আব্দুল কাদের এই আদেশ দেন।
অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছিলেন।
গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিরের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বিজয়নগর এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়।
হেফাজতে নেওয়ার আবেদনে বলা হয়, অভিযুক্তরা সহযোগীসহ গত ১৯ সেপ্টেম্বর বিজয়নগর নাইটএঙ্গেল মোড় এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আসামিরা প্রকাশ্যে রাস্তায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ ও জনসাধারণের জানমালের ক্ষতি সাধন করেন। এ সময় তারা কর্তব্যরত পুলিশের উপর হামলা করে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। মামলার সুষ্ঠু তদন্ত, জড়িত অন্যদের গ্রেপ্তার ও শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ সময় আসামিদের আইনজীবীরা হেফাজতে নেওয়ার আবেদন বাতিল করে জামিন চান।
আসামিপক্ষে আদালতে শুনানি করেন এস এম কামালউদ্দিন, আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান আজাদ, রেজাউল ইসলাম রেজা, আখতারুজ্জামান সোহেল প্রমুখ আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯২২ ঘ.
bdnews24