ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির জন্য বাংলাদেশের সব মহলের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী।
মঙ্গলবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আহ্বান জানান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বৈঠক করেন দুই নেতা।
পরে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ যেসব দেশ ক্ষতির মুখে রয়েছে, তাদের পক্ষ থেকে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির জন্য প্রচারণার অংশ হিসেবে আমি এই সফরে এসেছি।"
"আমি বিশ্বাস করি, এই গুরুত্বপূর্ণ ইসুতে বাংলাদেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাই ঐক্যবদ্ধ হবেন এবং আমাকে সহযোগিতা দেবেন", যোগ করেন রুশনারা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আসন্ন ডারবান জলবায়ু সম্মেলনে একটি বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ শিল্পোন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টির লক্ষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আন্দোলন চালিয়ে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স¤প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দাবি তুলে ধরেন।
গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। এর ফলে তিন কোটি মানুষ বাস্তুহারা হবে।
এই মানবিক ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন সাহায্য বাড়াতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টিতে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এমপি রুশনারা।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, "খালেদা জিয়ার সঙ্গে কথা বলে আমি খুব খুশি হয়েছি।"
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে রুশনারা আলীর।
বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেনতা সৃষ্টির জন্য রুশনারার এই উদ্যোগের প্রতি বিরোধী দলীয় নেতা পূর্ণ সমর্থন জানিয়েছেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম ও কেয়ারের আমন্ত্রণে ৭ দিনের সফরে গত রোববার ঢাকা আসেন ব্রিটেনের লেবার পার্টির নেতা রুশনারা আলী। ২০১০ সালের নির্বাচনে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকা থেকে তিনি এমপি নির্বাচিত হন।
এর আগে ২০১০ সালের নভেম্বরেও একবার ঢাকা এসেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১৫৪ ঘ.
bdnews24