ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে সম্পৃক্ততা না রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
এনসিসি নির্বাচনে মেয়র পদের দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর মধ্যে সমঝোতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠক আয়োজনের বিষয়ে ইঙ্গিত করে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
মঙ্গলবার আগারগাঁও ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, "স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়। এ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিতে পারে না। দলীয় প্রার্থী মনোনয়ন আইন পরিপন্থী।"
তবে প্রার্থীকে সমর্থন দিতে কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।
এনসিসি নির্বাচনে মেয়র পদের জমা পড়া আটটি মনোনয়নপত্রের সবগুলোকেই মঙ্গলবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এই আট প্রার্থী হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এস আকরাম, জেলা আওয়ামী ওলামা লীগের বহিস্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী, বিএনপির জেলা সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন।
আলোচনায় থাকা প্রধান দুই প্রার্থী শামীম ওসমান ও আইভীর মধ্যে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন তা চূড়ান্ত করতে রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবণ গণভবনে দীর্ঘ বৈঠক হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং শামীম ওসমান ও আইভী উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
বৈঠক শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, "দলীয় সভানেত্রীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।"
ওই বৈঠকের বিষয়ে ইংগিত করে সাখাওয়াত হোসেন বলেন, "দলগুলো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এভাবে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকবে বলেই আশা করি আমরা।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিসি নির্বাচনে পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থাই নির্বাচন কমিশন নেবে।
"নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হবে। তবে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি।"
নবগঠিত এই সিটি করপোরেশনে ভোট হবে আগামী ৩০ অক্টোবর। ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জানা যাবে, কে কে শেষ পর্যন্ত এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৫৬ ঘ.
bdnews24