ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের 'স্বপ্ন' বিরোধী দল পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
রোববার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ক্ষমতাসীনরা নিজেদের সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভের স্বপ্ন দেখছে। বিএনপি থাকতে তাদের এই খায়েস পূরণ হতে দেওয়া হবে না।"
সরকার গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। বিএনপিসহ সমমনা দলগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর এক সমাবেশে ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে বিএনপি নির্বাচনে যাবে না। তার এই হুমকির জবাবে শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে।
রোববারের মানববন্ধনে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন তার দল মেনে নেবে না।
খুলনা বিএনপি ও কয়েকটি অঙ্গসংগঠনের উদ্যোগে কপোতাক্ষ নদ পুনঃখননের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সমানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া জেলা বিএনপির কয়েক শ নেতা-কর্মী 'কপোতাক্ষ বাঁচাও, মানুষ বাঁচাও'; 'ভিক্ষা চাই না, ত্রাণ চাই না, কপোতাক্ষ নদের পুনঃখনন চাই' লেখা প্ল্যাকার্ড হাতে এ কর্মসূচিতে অংশ নেন।
গত ৫ বছর ধরে নদী খনন না হওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে তরিকুল মানববন্ধনে বলেন, ওই অঞ্চলে ২০ লাখ মানুষ চরম হাহাকারের মধ্যে দিনযাপন করছে।
তিনি দাবি করেন, চার দলীয় জোট সরকারের সময়ে ২২ কোটি টাকা বরাদ্দ দিয়ে কপোতাক্ষ ও বেতনা নদী পুনঃখনন করা হয়। এরপর আর সেসব নদী খনন করা হয়নি।
সরকার এর প্রতিকার না করলে ভবিষ্যতে 'কঠোর আন্দোলনের' হুমকি দেন তিনি।
সাবেক পরিবেশ মন্ত্রী তরিকুল বলেন, "ফারাক্কা বাঁধের কারণে উজান থেকে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা পলি মাটিতে ভরাট হয়ে যাচ্ছে কপোতাক্ষ, পদ্মা, গড়াই ও বেতনা নদী। ফলে ওই এলাকার ৮ থেকে ১০টি উপজেলার বিস্তীর্ণ এলাকা বছরের একটি বড় সময় ৩/৪ ফুট পানির নিচে ডুবে থাকে। এ অবস্থার সমাধানের একমাত্র পথ কপোতাক্ষ নদের পুনঃখনন করা।"
দক্ষিণাঞ্চলে আইলা বিধ্বস্ত এলাকার দিকেও বর্তমান সরকারের কোনো নজর নেই বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, সাংসদ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24