চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু।
তিনি বলেন, সংগঠনের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
২৯ জানুয়ারি রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন বিরোধী চার নেতা ও তাদের অনুসারীরা প্রতিনিধি সভা করে মহিউদ্দিন- দানুকে নগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদ থেকে 'অব্যাহতি' দেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে ২৩ জানুয়ারি দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগর কমিটির বর্ধিত সভায় ওই চার নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্তের পরপরই আলাদা প্রতিনিধি সভা করে সভাপতি-সাধারণ সম্পাদককে 'অব্যাহতি' দিলেন চার নেতা।
এ চার নেতা হলেন- নগর কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, সহ- সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
এই পরিস্থিতিতে নগর সভাপতি মহিউদ্দিন চৌধুরী রোববার পুনরায় ওই চারনেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন।
গত বছরের অক্টোবর পর্যন্ত আফসারুল আমীন, ইব্রাহিম হোসেন বাবুল ও আবদুচ ছালাম চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনপন্থী হিসেবে পরিচিত ছিলেন।
সে সময় মহিউদ্দিনবিরোধী শিবিরের নেতৃত্বে ছিলেন নুরুল ইসলাম। তার পক্ষে ছিলেন সাংসদ এম এ লতিফ ও সাবেক ছাত্রলীগ নেতা আ জ ম নাছির উদ্দিন।
নভেম্বর থেকে এম এ লতিফ ও আ জ ম নাছির মহিউদ্দিনের পক্ষ নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করতে থাকেন।
চলতি মাসেই সাড়ে চার বছর আগে গঠিত নগর কমিটি পূর্ণাঙ্গ করার সম্ভাবনা ছিল এবং এ কারণেই নতুন মেরুকরণের সূত্রপাত বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কমিটির সভায় চট্টগ্রাম আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের ও আহমদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24