২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সহিংসতা খালেদার নির্দেশে: আ. লীগ

যুদ্ধপরাধের বিচার থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিরোধীদল আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধপরাধের বিচার থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিরোধীদল আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, "একটি শান্তিপূর্ণ আন্দোলনকে বিপথগামী করতে এবং আন্দোলনকারীরা যাতে সরকারের সঙ্গে কোনো রকম সমঝোতায় পৌঁছাতে না পারে- সে জন্য খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশে বিএনপি ক্যাডাররা এই ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়েছে।" এলাকাবাসীকে উস্কে দিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিপুল পরিমাণ অর্থ বিলি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার শ্রীনগরে জনতার সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার পর বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুকুমার রঞ্জন এ কথা বলেন। তিনি আশ্বাস দেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করা হলে শুধু জমির মালিকদেরই ক্ষতিপূরণ দেওয়া হবে না, যারা বিলের আয় থেকে বঞ্চিত হবেন- তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই সরকার সব সিদ্ধান্ত নেবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিন সাংসদ। তারা পুলিশের এসআই মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। লিখিত বক্তব্যে সুকুমার রঞ্জন বলেন, "বিরোধীদল এই ঘটনার দায়-দায়িত্ব কোনো অবস্থাতেই এড়াতে পারবে না।" বিরোধীদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে মিথ্যা তথ্য এবং অপপ্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভ্রান্ত করছে এবং নানা রকম উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুকুমার রঞ্জন বলেন, "গত ২৯ জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে খালেদ জিয়া বলেছেন নতুন বিমানবন্দরের কোনো প্রয়োজন নেই। এই মন্তব্য করে বিমানবন্দর নির্মাণের যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।" এই আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, "খালেদা জিয়া তার ক্যাডার বাহিনীকে আইন হাতে তুলে নেওয়ার প্ররোচনা দিয়েও ক্ষান্ত হননি, এ জন্য বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিপুল পরিমাণ অর্থও বিলি করেছেন বলে আমরা জানতে পেরেছি। যার পরিণতি হচ্ছে আজকের এই দুঃখজনক হতাহতের ঘটনা।" সুকুমার রঞ্জন বলেন, "একটি সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আড়িয়ল বিল রক্ষা কমিটির নেতাদের সঙ্গে একাধিক সভা করেছি। আগামীকালও (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে তাদের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা। আমরা একটি বিষয়ে একমত ছিলাম যে- যার যার অবস্থান থেকে কেউ কোনরকম সহিংসতার পথ নেবে না।" এলাকাবাসীর প্রতি ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েএই সংসদ সদস্য বলেন, "আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কোনো রকম রাজনৈতিক প্ররোচনা বা যড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা দেবেন না।" মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনতা সোমবার সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত এবং চার পুলিশসহ ৪২ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৩২ ঘ.