ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য পদ রক্ষার জন্য প্রধান বিরোধী দল বিএনপি সংসদের অষ্টম অধিবেশনে যোগ দিচ্ছে। তবে সংসদে ফেরার ব্যাপারে দলটির ব্যাখ্যা ভিন্ন।
সোমবার বিকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সদস্য পদ রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় নয়, পরিবেশ সৃষ্টি হলে সংসদে ফিরে যাবে বিএনপি।"
কবে তারা সংসদে যাবে তা বিএনপি সংসদীয় দলের সভায় চূড়ান্ত হবে। এর আগে দলীয় ফোরামেও এ বিষয়ে আলোচনা হবে বলে জানান দেলোয়ার।
কারাবন্দি দলীয় জ্যেষ্ঠ সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে সংসদে ফেরার আগ্রহ প্রকাশ করে রোববার বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক স্পিকার আবদুল হামিদের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দলের এমপিদের সংসদের অষ্টম অধিবেশনেই যোগ দিতে হবে। নইলে টানা ৯০ দিন সংসদ বর্জনের কারণে তারা সদস্যপদ হারাবেন।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য টানা ৯০ দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ''আমরা সদস্য পদ রক্ষায় সংসদে যেতে বাধ্য হচ্ছি- এটা ঠিক নয়। আওয়ামী লীগের সদস্যরা সংসদ বর্জন ও সদস্যপদ রক্ষায় ৯০ দিনের বাধ্যবাধকতায় কতবার সংসদে গেছেন, সংসদে না গিয়ে ভাতা-সুবিধাদি নিয়েছেন- তা দেশের মানুষ ভুলে যায়নি।''
তিনি সরকারি দলের বিরুদ্ধে পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, "সংসদে যাওয়ার পরিবেশ নেই। সরকারি দলকে গণতান্ত্রিক আচরণ করতে হবে।"
দেলোয়ার দাবি করেন যে, বিএনপি সব সময় সংসদে গিয়ে জনগণের কথা বলতে চেয়েছে। সরকারকে সহযোগিতা করতে চেয়েছে।
তবে সংসদে 'সুন্দর' পরিবেশ সৃষ্টির ব্যাপারে ক্ষমতাসীন দল কতটুকু আন্তরিক হবে সেবিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির রেকর্ডে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত বছরের ৪ এপ্রিল সংসদে যোগ দিয়েছিলেন। এর ফলে গত ৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তম অধিবেশন পর্যন্ত সংসদে তার টানা অনুপস্থিতি ৫০ দিন।
অর্থাৎ, খালেদা জিয়া নবম সংসদের অষ্টম অধিবেশনে যোগ না দিলে সংসদে তার টানা অনুপস্থিতি দাঁড়াবে ৯৪ দিন। অষ্টম অধিবেশন বসছে মঙ্গলবার।
সপ্তম অধিবেশনের ১৭৪ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেতা মাত্র পাঁচ কার্যদিবস উপস্থিত ছিলেন।
বিএনপি সংসদের দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে টানা অনুপস্থিত ছিল। পঞ্চম অধিবেশনে তারা উপস্থিত ছিল মাত্র একদিন। সর্বশেষ বিএনপির নেতৃত্বে বিরোধী দলীয় সদস্যরা গত বছরের ২ জুন সংসদ যোগ দেয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর নবম সংসদের অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২০ ঘ.
bdnews24