চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুকে দলীয় পদ থেকে 'অব্যাহতি' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটির একাংশের নেতারা।
শনিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে 'মহিউদ্দিনবিরোধী' হিসেবে পরিচিত চার নেতার ডাকা 'প্রতিনিধি সভায়' এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নগর কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন।
অন্যদের মধ্যে নগর কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, সহ সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সিডিএ চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল সভায় উপস্থিত ছিলেন। নগর আওয়ামী লীগের ব্যানারে এই প্রতিনিধি ডাকা হয়।
এদের মধ্যে নুরুল ইসলাম ছাড়া বাকি তিনজনই এক সময় 'মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোক' হিসেবে পরিচিত ছিলেন।
সভার পর সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৩টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সর্বসম্মতিক্রমে এ দুজনকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি রোববার কেন্দ্রকে জানানো হবে।"
অবশ্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল বলেছেন, নগরীর ৪৩টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৫টির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভায় উপস্থিত ছিলেন।
নির্বাহী কমিটির সভা ছাড়া দলীয় পদ থেকে কাউকে অব্যাহতি দেওয়া যায় কি না- জানতে চাইলে নুরুল ইসলাম বিএসসি বলেন, "এটা তৃণমূলের সিদ্ধান্ত। তারাও তো আমাদের শোকজের সিদ্ধান্ত নিয়েছিল। তাদের মেয়াদোর্ত্তীণ কমিটিও তো অবৈধ ছিল। তারা সিদ্ধান্ত নিতে পারলে আমরা কেন পারব না ?"
গত ২৩ জানুয়ারি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগর কমিটির বর্ধিত সভায় 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের' অভিযোগে আফসারুল আমীন, নুরুল ইসলাম বিএসসি, আবদুচ ছালাম ও ইব্রাহিম হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সাংসদ নুরুল ইসলাম বিএসসি জানান, তিনি ইতোমধ্যে ডাকযোগে ওই নোটিশ পেয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদককে 'অব্যাহতি' দেওয়ার পর চট্টগ্রাম নগর কমিটির আর অস্তিত্ব থাকে কি না- জানতে চাইলে ইব্রাহিম হোসেন বাবুল বলেন, "এ সিদ্ধান্তের পর কার্যত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আর কোনো কমিটি রইল না।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কেন্দ্রকে একটি অ্যাডহক কমিটি করে দিতে বলবো। আপাতত ওয়ার্ড ও থানা কমিটি দিয়েই দলের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।"
বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টায় এই প্রতিনিধি সভা শেষ হয়।
সভার শুরুতে মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানুকে 'শোকজ' করার প্রস্তাব আসলেও নেতা-কর্মীরা তাতে একমত হতে পারেননি বলে জানান নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, "নেতাকর্মীদের চাপেই অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো।"
'অব্যাহতি' দেওয়ার বিষয়টি মহিউদ্দিন চৌধুরী ও ইনামুল হক দানুকে আনুষ্ঠানিকাবে জানানো হবে কি না জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, "কেন্দ্রকে জানালেই হবে। তাদের জানানোর প্রয়োজন নেই।"
কী অভিযোগে তাদের 'অব্যাহিত' দেওয়া হলো- এ প্রশ্নের জবাবে তিনি জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা, স্বেচ্ছাচারিতা, পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারা, নেতাকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার করা এবং বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রতিনিধি সভার শুরুতে নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী এসব অভিযোগ পড়ে শোনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২৩২৪ ঘ.
bdnews24