২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নির্বাচনোত্তর সংঘর্ষ: যুবদলকর্মী নিহত

হবিগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মইনুল হক (৩২) করগাঁও ইউনিয়ন যুবদল কর্মী। তার বড়ভাই সাবউদ্দিন শান্তি ইউনিয়ন বিএনপির সভাপতি। মইনুলের মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি আক্তার হুসেন। তিনি বলেন, "দুপুর ১টার দিকে টুকের বাজারে করগাও ইউনিয়নের যুবলীগ সভাপতি আব্দুল কুদুস সাগর এবং বিএনপি সভাপতি সাবউদ্দিন শান্তির মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। "সংঘর্ষে গুরুতর আহত মইনুলকে নবীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বৃহস্পতিবার উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া বিজয়ী হন। তিনি প্রায় দেড় হাজার ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীকে হারান। নবম জাতীয় সংসদ নির্বাচনে সুজাতকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী। ফরিদ গাজীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র হবিগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে উপজেলার টুকের বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে আরো দুই যুবদলকর্মী আহত হয়েছেন। আহত নুরুল হক (২৮) ও আনোয়ার হুসেনকে (৩৫) নবীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পার্বতীপুরে আ' লীগের দু'গ্র"পে সংঘর্ষ দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী পরাজিত হওয়ার জেরে দলের দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র দিনাজপুর প্রতিনিধি জানান, শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভা চলাকালে দু'গ্র"পের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় এক যুবলীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে ভাংচুর করা হয়। আহতরা হলেন- স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক বদরুদ্দোজা বুলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মজিদ উল হক ও যুবলীগ সভাপতি সফিকুর রায়হান। বদরুদ্দোজা বুলু সাংবাদিকদের বলেন, বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সভা চলাকালে যুবলীগ সভাপতি সফিকুর রায়হান পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম এ ওহাব সরকারের পরাজয়ের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিককে দয়ী করে বক্তব্য দিলে দু'পক্ষেও মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে নতুন বাজার এলাকায় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে বদরুদ্দোজা বুলুকে মারধর করা হয়। সফিকুর রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাফিজুল ইসলাম প্রামানিক তার ওপর হামলা ও তার অফিসে ভাংচুর চালিয়েছেন। হাফিজুল ইসলাম প্রামানিক সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও যুবলীগ সভাপতির উপর হামলার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে। কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/পিডি/১৯৪০ ঘ.