২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর মোহাম্মদকে রিমান্ডে পায়নি পুলিশ

পুলিশের আবেদনে সায় না দিয়ে ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ক্ষমতাসীন দলের আরেক নেতা হাজি নূর মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের আবেদনে সায় না দিয়ে ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ক্ষমতাসীন দলের আরেক নেতা হাজি নূর মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু হত্যামামলায় দলের ওই ওয়ার্ড শাখার সভাপতি নূর মোহাম্মদকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ফজলু হত্যার এক সপ্তাহ আগে সন্ত্রাসীদের গুলিতে আহত হন নূর মোহাম্মদ। জিজ্ঞাসাবদের জন্য সাতদিনের হেফাজতের (রিমান্ড) এবদন জানিয়ে শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তবে তার অসুস্থতার জন্য মুখ্য মহানগর হাকিম কনিকা বিশ্বাস পুলিশের ওই আবেদন নাকচ করেন। তাকে কারাগারে পাঠানো হলেও সুস্থতা সাপেক্ষে ৯ ফেব্র"য়ারি আদালতে হাজির করতে বলেছে আদালত। গত ১৪ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফজলুল হক। এর আগে ৮ জানুয়ারি নূর মোহাম্মদও সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজলু হত্যার পর থেকে নূর মোহাম্মদকে চোখে চোখে রাখা হচ্ছিলো।" ফজলু হত্যামামলায় নূর মোহাম্মদের মেয়ের স্বামী জাহাঙ্গীর এবং একজন যুবলীগ নেতাসহ আরো আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েই ফজলুর ওপর হামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন। ফজলু আগামী নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হতে চেয়েছিলেন। ফজলুর বাবা প্রয়াত সিরাজুল ইসলাম ৩০/৩২ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্ষমতাসীন দলের নেতা ফজলু হত্যার পরপরই শেরেবাংলা নগর থানার ওসিসহ দুইজনকে বরখাস্ত এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ দুইজনকে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮০০ ঘ.